হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল ইসলাম বাবু মীর।
মঙ্গলবার (৯ জুন) মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করে পুলিশ। বাবু মীর মাগুরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ছিলেন। এ ছাড়া, তিনি মাগুরা পৌরসভার ৩নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর মঙ্গলবার কারামুক্ত হন। তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটে অবস্থান নেওয়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের সদস্যরা তাকে পুনরায় আটক করে।
মাগুরা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ৫ আগস্ট-পরবর্তী একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম বাবু মীরকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তাছিন জামান/এএমকে
