জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছে- রায়ের বাকাই এলাকার আব্দুর রফিকের ছেলে আল নাফি (৮) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা শেষে দুই শিশু গোসল করতে পুকুরে নামে। এরপর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুর এবং এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের খুঁজে পায় না। পরে পুকুর পাড়ে তাদের জুতা দেখতে পায় তাদের স্বজনরা। এরপর মঙ্গলবার রাত ১১টার দিকে ওই পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু আল নাফির বাবা আব্দুর রফিক বলেন, আমার ছেলে খেলার পর গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এখানে আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই।
রিফাতের বাবা মঞ্জু মিয়া বলেন, আমার ছেলে সাঁতার জানতো না। মনে হয় পুকুরে সাঁতার শিখতে গিয়েছিল। তারপর পানিতে ডুবে মারা যায়।
চরবানীপাকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরএআর
