ফেনীতে একে অপরের বিরুদ্ধে করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) ফেনীর সোনাগাজী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন যৌতুক ও চুরির অভিযোগে করা পরস্পরবিরোধী মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর নাসিমা চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান বলে অভিযোগ করেন স্বামী। এ ঘটনায় সুমনের পক্ষে তার বাবা বাদী হয়ে নাসিমার বিরুদ্ধে চুরির মামলা করেন।
অন্যদিকে দাম্পত্য কলহের জেরে নাসিমা আক্তার বাদী হয়ে স্বামী সুমন এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে পৃথক মামলা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুইটি মামলাই একই আদালতের বিচারাধীন থাকায় বিচারক উভয়পক্ষকে একাধিকবার আপস-মীমাংসার সুযোগ দেন। তবে কোনো সমাধান না হওয়ায় আজ নির্ধারিত তারিখে স্বামী-স্ত্রী আদালতে হাজির হন। শুনানিতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্বামীর পক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ ঢাকা পোস্টকে বলেন, দুই মামলায় স্বামী-স্ত্রী উভয়ে জামিনে ছিলেন। আদালত মামলা মীমাংসার জন্য তাদের যথেষ্ট সময় দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি মীমাংসা না হওয়ায় আদালত তাদের দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ ব্যাপারে ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পারস্পরিক বিরোধের মামলায় আদালতের আদেশে স্বামী ও স্ত্রী দুইজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
তারেক চৌধুরী/আরএআর
