বিজ্ঞাপন

ক্লাস চলাকালে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন করলেন ইউএনও

ক্লাস চলাকালে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন করলেন ইউএনও

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বার্ষিক ক্যাম্পেইনে স্থানীয় জনগণের পরিবর্তে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ করানো হয়েছে। পাঠদান কার্যক্রম চলার সময়েই শিক্ষার্থীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ায় প্রশ্ন উঠেছে কর্মসূচির যৌক্তিকতা নিয়ে।

বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টা পর্যন্ত পাঠদান চলার কথা থাকলেও বিকেল ৩টার দিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীকে নিয়ে প্রথমে একটি র‌্যালি বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে গ্রাম আদালত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঞ্চে থাকা অতিথি ও সামনের সারির কয়েকজন ব্যক্তি ছাড়া উপস্থিতদের প্রায় নব্বই শতাংশই ছিল স্কুলের শিক্ষার্থী।

সরকারি অর্থ ব্যয় করে সাধারণ মানুষকে সম্পৃক্ত না করে এবং পাঠদান ব্যাহত করে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের নিয়ে এমন কর্মসূচি আয়োজন কতটা যৌক্তিক- এ নিয়ে প্রশ্ন উঠেছে। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. কাছিদা খাতুন ঢাকা পোস্টকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই স্কুলে এসেছিলেন। তার অফিস থেকে আগেই বলা হয়েছিল এই স্কুলে অনুষ্ঠান হবে। আমি তাদের আদেশ পালন করেছি।

সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী মো. আমিনুল ইসলাম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, গ্রাম আদালতে যেসব বিষয় মীমাংসা করা হয়, সেটি শিশুকেন্দ্রিক নয়। এটি প্রাপ্তবয়স্ক মানুষদের বিষয়। ক্লাস বাদ দিয়ে এই ধরনের ক্যাম্পেইনে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের রাখা অযৌক্তিক।

কামারখন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাইন ঢাকা পোস্টকে বলেন, স্কুল ছুটির বিষয়টি আমাকে জানানো হয়নি, আমার জানাও ছিল না। জানলে আগে ছুটি দিতে বলতাম না। এক ঘণ্টা আগে ছুটি দিয়েছে, এটা বড় কোনো ত্রুটি নয়।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিদ্যালয় চলাকালে না করে ছুটির পরে করলে ঠিক হতো। এর পরে যেন এভাবে অনুষ্ঠান না হয়, আমি সেটি বলে দেব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল।

নাজমুল/আরএআর