বিজ্ঞাপন

রান্না করা খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ছাত্রলীগের ২ কর্মী আটক

রান্না করা খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ছাত্রলীগের ২ কর্মী আটক

শরীয়তপুরের নড়িয়ায় খিচুড়ি আয়োজনের নামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জমায়েতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।

বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের বিলদেওনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় খিচুড়ি আয়োজনের নামে একত্র হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত নেতাকর্মীরা রান্না করা খিচুড়ি ও অন্যান্য সামগ্রী ফেলে দ্রুত সটকে পড়েন। এ সময় ঘটনাস্থল থেকে বিলদেওনিয়া এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (২২) ও জোবায়ের ইসলাম অনিক (২১) নামে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়ন দাস/এসএইচএ