বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারুইপাড়া ইউনিয়নে কৃষকদল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ডের জের ধরে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, কোনো ঘটনার প্রতিক্রিয়া মব পরিস্থিতি সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া, ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্ট করে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের জের ধরে সংঘটিত ভাঙচুর ও তছনছের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। অপরাধীর কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
এ ছাড়া এলাকায় নতুন করে কোনো উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সকল রাজনৈতিক নেতাকর্মী ও জনগণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তদন্ত সাপেক্ষে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরহাট উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মূলঘর নিয়তির মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের নেতা বাদল মোড়ল নিহত হন। এ ঘটনায় আরও একজন বিএনপি নেতা গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল করে বারুইপাড়া ইউনিয়নে ৬টি জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ কয়েকটি স্থাপনা এবং নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠেছে।
শেখ শামীম হাসান/এসএইচএ
