পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩০টি আঙুল নিয়ে জন্ম নেওয়া আলোচিত নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ মনির খান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ৯ জুন বিকেলে মঠবাড়িয়ার বেসরকারি একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। অতিরিক্ত আঙুল নিয়ে জন্ম নেওয়ার এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘পলিড্যাকটিলিজম’ বলা হয়। এছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে নবজাতক ও শিশু চিকিৎসক ডা. মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।
শিশুটির পিতা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। মা জেসমিন আক্তারের এটি ছিল পঞ্চম সন্তান।
জন্মের পরপরই শিশুটিকে দেখতে হাসপাতালে এবং পরে তার বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও কৌতূহলী মানুষ। তবে নানা শারীরিক জটিলতায় ভোগা শিশুটি জন্মের ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যুবরণ করে।
শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এসএইচএ
