শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হান্নান।
আটককৃতরা হলেন- ঢাকার সাভার উপজেলার জহরচাঙ্গা গ্রামে মিজানুর রহমানের ছেলে মো. সামিউল হক ও মেয়ে রাবিয়া খাতুন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) মধ্যরাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতায় বারোমারী বিওপির একটি দল টহল দায়িত্ব পালনকালে সীমান্ত পিলার ১১১২ এলাকায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই বাংলাদেশিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে বিজিবি এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হান্নান বলেন, বিকেলে আইনি প্রক্রিয়া শেষে মিজানুর ও রাবেয়াকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাইমুর রহমান তালুকদার/আরএআর
