বিজ্ঞাপন

চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট

চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট

চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে হঠাৎ কম্পন অনুভূত হলে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দ্রুত রাস্তায় বের হয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ভবন ও বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাসা ও অফিস থেকে বাইরে বের হয়ে আসেন।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

নগরের জিন্দাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, সুবিদবাজার, উপশহর, টিলাগড়, শাহপরানসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্প অনুভবের কথা জানিয়েছেন। একইসঙ্গে জেলার বিভিন্ন উপজেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে কম্পনের বিষয়টি নিশ্চিত করেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

প্রসঙ্গত, এর আগে গত ৭ জুন রাত ১১টা ৩৮ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হওয়ায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মাসুদ আহমদ রনি/এএমকে