খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট থেকে শব্দ হয়, এরপর আগুনের সূত্রপাত হয়। তারপর ধোঁয়া সারা ভবনে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ভবনে আগুন লাগে। আগুনের ধোঁয়া গোটা ভবনে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা আতঙ্কে ছুটাছুটি শুরু করেন। অনেকে নিচে নেমে আসেন, আবার অনেকে ভবনের ওপরের দিকে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে অংশ নেন স্থানীয়রা। হাসপাতালে থাকা রোগীদের যেন কোনো রকমের শ্বাসকষ্ট না হয়, সেজন্য ভবনের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়।
অগ্নিকাণ্ডের পরপরই দুপাশের রাস্তায় জড়ো হতে থাকে সাধারণ মানুষ। অগ্নিকাণ্ডের সময় রোগীর স্বজনদের কান্না করতে দেখা যায়। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক যুবককে কাঁদতে দেখা যায়।
তিনি জানান, তার নয় মাসের সন্তানকে এনআইসিইউতে রাখা আছে। বাচ্চার অবস্থা কী হবে, ভেবে সেখানে তিনি চিৎকার করছিলেন।
রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত সোয়া ১২টা পর্যন্ত ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা ডাম্পিংয়ের (নির্বাপণ) কাজ করছেন। এদিকে ভবনের বিভিন্ন তলায় থাকা রোগী ও তাদের স্বজনদের ক্রেনের মাধ্যমে নামানো হয়। মুমূর্ষু রোগীদের অ্যাম্বুলেন্সে করে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, ‘আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে আগুনের ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।’
মোহাম্মদ মিলন/এমএসএ
