বিজ্ঞাপন

সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের সভা

সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের সভা

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভারত সীমান্ত দিয়ে পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে সীমান্তে নজরদারি বৃদ্ধি ও সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল।

সভায় বক্তব্য দেন এনসিপির জেলা সমন্বয়কারী কামরুজ্জামান বুলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি হাফেজ ইমদাদুল হকসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাই সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করার পাশাপাশি বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সভায় নেতৃবৃন্দ সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পুশইন অবিলম্বে বন্ধ, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জনগণের সামনে তুলে ধরার দাবি জানান।

সভা শেষে নেতারা বলেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এদিকে সীমান্তে পুশইনের প্রতিবাদে আগামী ১২ জুন বিকেল ৪টায় ভোমরা এলাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

ইব্রাহিম খলিল/এমএসএ