বিজ্ঞাপন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জসিম উদ্দিন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জসিম উদ্দিন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১১ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর ধারা-৫(২) অনুযায়ী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি কউকের চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকার মাস্টার কামাল হোসেনের ছেলে। বুয়েট থেকে পাশ করা এই প্রকৌশলী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পেকুয়ায় পরিচিত।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী ও কন্যা দুজনেই চিকিৎসক এবং ছেলেও বর্তমানে একটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।

ইফতিয়াজ নুর নিশান/এএমকে