বিজ্ঞাপন

পিকআপ উল্টে খালে পড়তেই স্থানীয়দের মাছ ধরার প্রতিযোগিতা

পিকআপ উল্টে খালে পড়তেই স্থানীয়দের মাছ ধরার প্রতিযোগিতা

ফেনীতে মাছবোঝাই একটি পিকআপভ্যান খালে উল্টে পড়ার পর চালককে উদ্ধারে এগিয়ে না এসে গাড়িতে থাকা মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই খালের পানিতে ছড়িয়ে পড়া তেলাপিয়া মাছ সংগ্রহে শুরু হয় প্রতিযোগিতা। এদিকে কেউ সাহায্যে না আসায় চালক ও তার সহকারী নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান।

শুক্রবার (১২ জুন) সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ভাঙার তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে চট্টগ্রাম ফিশারি ঘাটের উদ্দেশ্যে তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান রওনা হয়। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজসংলগ্ন ভাঙার তাকিয়া বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা মাছ পানিতে ছড়িয়ে পড়ে। 

এরপর আশপাশের লোকজন খালে নেমে মাছ ধরতে শুরু করেন। কেউ বালতি, কেউ বস্তা, আবার কেউ পলিথিনে করে মাছ সংগ্রহ করে নিয়ে যান। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, সেখানে পিকআপ থেকে মাছ লুট করে নিয়ে গেছে ব্যাপারটি এমন নয়। মূলত গাড়িতে থাকা মাছ পানিতে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন খালের পানি থেকে মাছ ধরেছে। আর মাছগুলো স্থানীয়রা না ধরলে খালের পানির সঙ্গে এমনিতেই চলে যেতো। 

পিকআপ চালক মোহাম্মদ আল আমিন বলেন, ওই সড়কের সমস্যার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খালে উল্টে পড়ে। আমি ও আমার সহকারী কষ্ট করে গাড়ি থেকে বের হয়ে জীবন বাঁচাই। আমাদের সহযোগিতা না করে সেখানকার সবাই তখন মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খালে উল্টে পড়া ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তী শুক্রবার বিকেলে মালিকপক্ষ থানায় এলে তাদের ট্রাকটি বুঝিয়ে দেওয়া হয়েছে। গাড়িতে ৮৫ থেকে ৯০ হাজার টাকার তেলাপিয়া মাছ ছিল বলে জানিয়েছেন। তবে স্থানীয়দের মাছ লুটের বিষয়টি সঠিক নয়। সেখানে ট্রাক থেকে খালের পানিতে ছড়িয়ে পড়া মাছগুলোই আশপাশের লোকজন ধরেছেন।  

তারেক চৌধুরী/এমএসএ