সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে খাল ও নদী খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার অধিকাংশই গ্রামকেন্দ্রিক।
শুক্রবার (১২ জুন) মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহমঞ্জুরির চেক, জিআর চাল ও জিআর নগদ অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের সরকার মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। এরই মধ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনেক কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে, আবার অনেকগুলো বাস্তবায়নের পথে রয়েছে। আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে গ্রাম বাঁচবে, গ্রাম বাঁচলে দেশ বাঁচবে। কারণ দেশের বৃহৎ জনগোষ্ঠী গ্রামে বাস করে। গ্রামের সাধারণ মানুষ ভালো থাকলে পুরো দেশই ভালো থাকবে। মনে রাখতে হবে, লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না।’
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দুর্নীতির ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। আমিও কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেব না। কেউ যদি আমার নাম ভাঙিয়ে দুর্নীতি করার চেষ্টা করে, তাকেও ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও দুর্নীতির ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। এজন্য তরুণদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার সুযোগ আরও বাড়াতে হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজাফফর হোসেন টুকুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
তাছিন জামান/এমএসএ
