বিজ্ঞাপন

সাপে কাটার পর ঝাড়ফুঁক করে সময় নষ্ট, প্রাণ গেল মাদরাসাছাত্র ইফাতের

সাপে কাটার পর ঝাড়ফুঁক করে সময় নষ্ট, প্রাণ গেল মাদরাসাছাত্র ইফাতের

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) জুমা নামাজের আগে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। সময়মতো হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও পাথরের মাধ্যমে চিকিৎসা দেওয়ায় সময় নষ্ট হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃত ইফাত মিয়া উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে। সে স্থানীয় মাদরাসার ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের আগে ইফাত তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুর ঘাটে নামার আগেই হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সে দ্রুত বাড়িতে ফিরে বিষয়টি জানায়।

ইফাতের বাবা দেলোয়ার হোসেন দেলু বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই মাদরাসায় পড়াশোনা করেছে। প্রথমে খরখরিয়া কান্দা মাদরাসায় পড়েছে, পরে নালিতাবাড়ী উপজেলার আরাইআনি মাখরজুল কিবলা ইসলামিয়া মাদরাসায় পড়েছে। শুক্রবার জুমার আগে গোসল করতে গিয়ে সাপে কামড় দেয়। সে এসে আমাকে বললে আমি তার পায়ে বাঁধ দেই। পরে আমাদের এলাকায় একটি মিশনে নিয়ে যাই, সেখানে পাথর দিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, সেখানে নেওয়ার পর শুরুতে কোনো নার্স ছিল না। পরে ডাকাডাকি করে এনে চিকিৎসা শুরু করা হয়। কিছুক্ষণ পর আমার ছেলে বলে সে ভালো অনুভব করছে। তখন পায়ের বাঁধন খুলে দেই। এরপর ভর্তি করানোর জন্য আমি কিছু সময়ের জন্য বাড়িতে যাই। প্রায় এক ঘণ্টা পর এসে দেখি তার অবস্থা খারাপ। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও নয়াবিল ইউনিয়নের সহকারী বিট অফিসার হাসিম বলেন, দুপুরে সাপে কাটার পর তাকে সরাসরি হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁকের জন্য অন্যত্র নেওয়া হয়েছে। এতে সময় নষ্ট হয়েছে, শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হুমায়ুন নূর বলেন, রোগীকে আমাদের কাছে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছি।

নাইমুর রহমান/আরকে

বিজ্ঞাপন