ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়ার নিখোঁজের ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে কুমিল্লা জেলা পুলিশ।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
এতে ব্রিফ করবেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে নিখোঁজ হন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান। পরদিন পরিবারের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন শুক্রবার (১২ জুন) রাতে লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধারের পর রাতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে একটি প্রেস রিলিজ পাঠানো হয়। যাতে বলা হয় নিখোঁজ নয়, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন জিসান। ২৫ বছর বয়সী এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম এবং শারীরিক সম্পর্কের জেরে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। ওই নারী বিয়ের জন্য চাপ দিলে শুক্রবার বিয়ে করার কথা জানান জিসান। তাই বৃহস্পতিবার রাত থেকে আত্মগোপনে চলে যান জিসান। পরে ওই নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন বলে উল্লেখ করা হয় প্রেস রিলিজে।
আরিফ আজগর/আরকে
