গাইবান্ধার পলাশবাড়িতে ফিফা বিশ্বকাপের উম্মাদনায় পছন্দের দলের পতাকা টানাতে গাছে উঠে অজ্ঞান হরান শামীম (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর শহরের বৈরী হরিনমারী গ্রামে ওই যুবক গাছেই জ্ঞান হারান। নিজের পছন্দের ফুটবল দল পর্তুগালের পতাকা টানাতে কদম গাছে উঠেছিলেন ওই যুবক।
পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) মোহাম্মদ লোকমান হাকিম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। শামীম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজের পছন্দের দলের (পর্তুগাল) পতাকা টানানোর জন্য একটি বড় কদম গাছে ওঠে শামিম। গাছে উঠে হঠাৎ সেখানেই জ্ঞান হারান এবং ভারসাম্য হারিয়ে গাছের উপরেই হেলে ডালে আটকে পড়েন। স্থানীয়দের খবরে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের দ্রুত কৌশলি পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।
পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) লোকমান হাকিম বলেন, গাছে পতাকা টানাতে উঠে অজ্ঞান হওয়া যুববকে অক্ষত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছে ওঠার পর ওই যুবকের মাথা ঘুরে এমন হয়েছে। তবে বর্তমানে সে সুস্থ আছে।
এসময় তিনি জানান, ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা দেশেই পতাকা টানানোর প্রতিযোগিতা বেড়েছে। সমর্থকরা উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা লাগাতে গিয়ে বিভিন্ন ধরনের ছোট-বড় দুর্ঘটনা ঘটাচ্ছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। ফলে পতাকা টানানোর বিষয়ে সব বয়সী সমর্থক, বিশেষ করে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
মাসুম বিল্লাহ/আরকে
