বিজ্ঞাপন

চকরিয়ায় জনস্রোত

‘বাবা-মায়ের দেখানো পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাক প্রধানমন্ত্রী’

‘বাবা-মায়ের দেখানো পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাক প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজরে দেখার জন্য কক্সবাজারের রামুর প্রত্যন্ত গ্রাম গর্জনিয়া থেকে অনেক দূরের চকরিয়ায় এসে বৃষ্টি-গরম উপেক্ষা করে সকাল থেকেই অপেক্ষা করছেন বৃদ্ধ আবুল হোসেন। 

তিনি বলেন, ছোট বেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি। তিনি দেশের জন্য অনেক কিছু করেছিলেন। এরপর তার স্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলও পেয়েছি। এখন তাদের ছেলে তারেক রহমান সরকার প্রধান।  আমরা চাই, বাবা-মায়ের দেখানো পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাক প্রধানমন্ত্রী।

শুধু আবুল হোসেনই নয়, শনিবার (১৩ জুন) বিকেলে চকরিয়ার বাস টার্মিনাল এলাকায় উপজেলা বিএনপি আয়োজিত প্রধানমন্ত্রী জনসভায় ভিড় জমিয়েছেন নানা বয়সের হাজারো মানুষ।

ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়েছে জনসভাস্থল, মিছিল আর জনস্রোতে সকাল থেকে বেলা যত গড়িয়েছে ততই কানায় কানায় পূর্ণ হয়ে উঠে চারপাশ।

সন্ধ্যা ৭টার পর মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে যেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি পেকুয়ায় নতুন পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ করেন।

প্রসঙ্গত, সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। দিনব্যাপী কর্মসূচির শুরুতে পাতলী খাল পুনঃখনন উদ্বোধনের পর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও করেন তিনি। রাতে ইউএস বাংলার ফিরতি ফ্লাইটে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। তবে তার আগে রয়েছে সমুদ্র দর্শন ও সুধী সমাবেশ। 

এএএম/ ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ