বিজ্ঞাপন

ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধাকে দেখতে গেলেন এমপি

ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধাকে দেখতে গেলেন এমপি

ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর স্বজনহীন ও অসহায় বৃদ্ধা জ্যোৎস্না রানী সাহার পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। 

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৮০ বছর বয়সী জ্যোৎস্না রানী সাহাকে দেখতে যান তিনি। এ সময় বৃদ্ধার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসা ও সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

খায়রুল কবির খোকন বলেন, আমরা মানবিক দিক থেকে যাদের অর্থ নেই, যারা দুস্থ, অসহায় এবং চিকিৎসা থেকে বঞ্চিত তাদের পাশে আছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো একজন মানুষও যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে। আমরা চাই সবাই সুচিকিৎসা পাক, কেউ যেন বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, আমি যখন জানতে পারি এই বৃদ্ধার স্বামী নেই, তার দুই সন্তান মারা গেছেন এবং তিনি একেবারেই অসহায় অবস্থায় আছেন, তখনই সিদ্ধান্ত নিয়েছি তার দায়িত্ব আমরা নেব। চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা আমরা করব। বয়সজনিত কারণে তিনি আজ অসুস্থ হয়ে পড়েছেন। আশা করি সঠিক চিকিৎসা পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

জানা যায়, স্বামী হারিয়েছেন বহু বছর আগে। চোখের সামনেই মারা গেছে তার দুই প্রতিবন্ধী ছেলে। একমাত্র মেয়ে ভারতে থাকলেও দীর্ঘদিন ধরে কোনো খোঁজখবর নেন না। জীবনের শেষ প্রান্তে এসে সব আপনজন হারিয়ে জ্যোৎস্না রানী সাহার আশ্রয় হয়েছিল নরসিংদী শহরের গোপীনাথ জিওর মন্দিরের সিঁড়িঘরের এক কোণে।

গত প্রায় ১৫ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। খবর পেয়ে গত ৬ জুন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ তাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করান। একই সঙ্গে তার চিকিৎসা ও দেখভালের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

কুমিল্লার গৌরীপুরের মুজিবপুর গ্রামের বাসিন্দা জ্যোৎস্না রানী সাহা পরিবারসহ একসময় নরসিংদী শহরের উত্তর কান্দাপাড়ায় বসবাস শুরু করেন। স্বামী নগেন্দ্র সাহার মৃত্যুর পর পরিবারটি চরম সংকটে পড়ে। পরবর্তীতে দুই প্রতিবন্ধী ছেলের মৃত্যুর পর তিনি একেবারেই নিঃস্ব হয়ে পড়েন

এদিকে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর অসহায় বৃদ্ধার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান সংসদ সদস্য খায়রুল কবির খোকন। স্থানীয়দের মতে, একজন স্বজনহীন বৃদ্ধার পাশে রাজনৈতিক ও সামাজিকভাবে এভাবে দাঁড়ানো মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আমিনুর রহমান সাদী/ডিএ

বিজ্ঞাপন