কুড়িগ্রামে রৌমারী উপজেলার গয়টাপাড়ায় ৬ জন এবং বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পুশইনের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়। পরে এ বিষয়ে পতাকা বৈঠকে পুশইনের অভিযোগ অস্বীকার করে বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১এস দিয়ে তিনজন পুরুষ, দুইজন শিশু এবং একজন নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এসময় বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। তবে বিএসএফ সদস্যরা ৬ জনকে কাঁটাতার সংলগ্ন স্থানে রেখে দেয়। এছাড়াও বড়াইবাড়ি বিওপি ক্যাম্প সংলগ্ন ভন্দুরচর সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের চেষ্টায় সেটিও ব্যর্থ হয়। তারা শূন্যরেখায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জামালপুর-৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পুশইনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ নারী, শিশু, পুরুষসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করলে তা বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে করতে পারেনি। এই বিষয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা অস্বীকার করেছে। যাতে বিএসএফ পুশইন না করতে পারে, সেজন্য বিজিবি সর্তক অবস্থায় রয়েছে।
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ
