নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত আসলাম আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, এ ঘটনার পর থেকে অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) পলাতক রয়েছেন।
রোববার (১৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে, শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জামনগর এলাকা থেকে আসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসলাম আলী উপজেলার জামনগর ইউনিয়নের হাঁপানিয়া এলাকার মৃত কাইলি উদ্দিনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে ভুক্তভোগী ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় অভিযুক্ত আসলাম আলী ও ষষ্টি কুমার তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে তার স্বামী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পরদিন (২৫ মে) ভুক্তভোগীর পরিবার আসলাম ও ষষ্টির নাম উল্লেখ করে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। অবশেষে ঘটনার প্রায় ২০ দিন পর শনিবার রাতে মূল অভিযুক্ত আসলাম আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আসলাম আলীকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আশিকুর রহমান/এসএইচএ
