রাজবাড়ীতে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলা দায়েরের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মৃত হাকিম মাতুব্বরের ছেলে মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর গ্রামের আ. কুদ্দুস শেখের ছেলে মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া গ্রামের মৃত আ. লতিফের ছেলে মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে
মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আ. ছালাম মিলন (৫৭), রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আ. সালামের ছেলে জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ মিয়া (২৪) ও শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে মো. নাসির শেখ (৬৪)।
জানা গেছে, গত ১৩ জুন ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপিনাথাদিয়া গ্রামের রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের উপর আনুমানিক ৩০/৩৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং তার অন্যান্য অঙ্গসংগঠনের সক্রিয় সদস্যরা বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জননিরাপত্তা বিপন্ন করা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার একটি ঝটিকা মিছিল বের করে, যেখানে সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা। এসময় তাদের হাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রাম নিষিদ্ধ আওয়ামী লীগগের ব্যানার ও ফেস্টুন ছিল।
এ ঘটনায় সদর থানার উপ পরিদর্শক(এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় যুবদলের সদস্য ইয়াসির আরাফাত রামিমসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং তার অন্যান্য অঙ্গসংগঠনের ৮ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ
