বিজ্ঞাপন

সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে নির্যাতন, দুই ছেলে কারাগারে

সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে নির্যাতন, দুই ছেলে কারাগারে

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি লিখে না দেওযায় চাঁদ সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

চাঁদ সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁদ সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) এবং ছোট ছেলে আব্দুল মুকিম (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার চাঁদ সুলতানা নামে ওই বৃদ্ধা মেয়েকে নিয়ে থানায় আসেন। এরপর তিনি তার ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই তারা আলাদাভাবে সংসার করে আসছিল। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে নিতে চাপ সৃষ্টি করে দুই ছেলে। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও তার ছেলেরা মাঝেমধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। গতকাল শনিবার আবারও বৃদ্ধাকে তার ছেলেরা মারধর করে বাড়িতে থেকে বের করে দিতে চায়। উপায় না পেয়ে বিকেলেই থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা মিলে। এরপর রাতেই দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মনিরুল ইসলাম শামীম/এসএইচএ