বিজ্ঞাপন

ভোলায় অবৈধ ট্রলিংবোট, জাল ও মাছসহ ৩ জেলে আটক

ভোলায় অবৈধ ট্রলিংবোট, জাল ও মাছসহ ৩ জেলে আটক

ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৩ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এর আগে, গতকাল শনিবার দিনগত রাতে উপজেলার দুলারহাট থানাধীন সুলতান ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের মো. জামাল (৪০),আহমেদপুর ইউনিয়নের আবুল কালাম (৪০) ও ফরিদাবাদ গ্রামের মো. সিরাজ (৬০)। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গতকাল রাত সাড়ে ৯টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ ওই ৩ জন জেলেকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত আর্টিসানাল ট্রলিংবোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মো.খাইরুল ইসলাম/এসএইচএ

বিজ্ঞাপন