বিজ্ঞাপন

ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

খাগড়াছড়ি সদরে ব্যাটারিচালিত টমটমের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে অপর্ণা ধর (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শালবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অপর্ণা ধর শালবাগান এলাকার বাসিন্দা অপু ধরের স্ত্রী। তিনি দুই যমজ সন্তানের জননী ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, তার এক বছরের যমজ সন্তানদের মধ্যে একজন অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শ নিতে তিনি সদর থানার পাশের এলাকার একটি বেসরকারি ক্লিনিকে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক দেখিয়ে ব্যাটারিচালিত টমটমে করে বাড়ি ফিরছিলেন অপর্ণা। পথিমধ্যে শালবাগান মোড়ে পৌঁছালে তার গায়ে থাকা ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শ্বশুর এসকে ধর বলেন, আমার ভাতিজার স্ত্রী অপর্ণা তার অসুস্থ সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ টমটমের চাকার সঙ্গে ওড়না জড়িয়ে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, ব্যাটারিচালিত টমটম থেকে পড়ে গিয়ে এক নারী নিহত হয়েছেন বলে জেনেছি। হাসপাতালে পুলিশ রয়েছে। পুলিশ ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। মেডিকেল রিপোর্ট ও ঘটনার বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ শাহজাহান/আরএআর