বিজ্ঞাপন

জামায়াত আমিরের প্রশ্ন

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের এত ভয় কেন?

পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের এত ভয় কেন?

সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পররাষ্ট্রনীতি নিয়ে সরকারের এত ভয় কেন, তা তিনি বুঝতে পারছেন না। দেশের মানুষের কল্যাণের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনা হওয়া উচিত হলেও এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে সিলেট সার্কিট হাউজে স্থানীয় ১১ দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পুশইন নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি বিষয়টি উত্থাপন না করার জন্য বিভিন্ন দিক থেকে আমার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

তবে, সংসদে কথা বলতে না দিলেও প্রয়োজনে জনতার সংসদে এসে কথা বলবেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে বলেন, এ প্রক্রিয়া শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়। আর বর্তমান সরকারের আমলে তাকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে পারলে সেটিকে সরকারের একটি বড় সফলতা হিসেবে গণ্য করা হবে। তবে, এটি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, সরকার এখনো হাদি হত্যাকাণ্ডের আসামিকে দেশে ফিরিয়ে আনতে পারেনি। এ বিষয়েও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

মাসুদ আহমদ রনি /এসএইচএ