বিজ্ঞাপন

বাগেরহাট সদর হাসপাতালে দেড় বছর পর আইসিউ ইউনিট চালু

বাগেরহাট সদর হাসপাতালে দেড় বছর পর আইসিউ ইউনিট চালু

সারাদেশের ১০টি হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর অংশ হিসেবে দেড় বছর বন্ধ থাকার পর পুনরায় বাগেরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে আইসিইউ ইউনিটটির পুনরায় কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য  শেখ মনজুরুল হক রাহাদ। বাগেরহাটের সিভিল সার্জন, ডা.আ.স. মোঃ মাহবুবুল আলম। হাসপাতালের তত্ত্বাবধায়ক, অসীম কুমার সমাদ্দার। অতিরিক্ত জেলা প্রশাসক, অনুব দাশ।  স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। 

২০২৪ সালের নভেম্বর মাস থেকে  ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ (ICU) টি বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের করোনা মহামারী সময় বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের তত্ত্বাবধানে এই আইসিউটি প্রতিষ্ঠা করা হয়। প্রকল্প  শেষ হয়ে যাওয়ায় এবং হাসপাতালে দক্ষ ডাক্তার ও চতুর্থ শ্রেণীর কর্মী না থাকার কারণে প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিটি। প্রায় দুই বছর পর আজ (১৪ জুন) পুনরায় চালু করা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউটি।

সংশ্লিষ্টরা জানান, আইসিইউ ইউনিটটি চালুর মাধ্যমে জেলার সংকটাপন্ন রোগীদের জন্য আধুনিক ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হলো।

সিভিল সার্জন ডা.আ.স.মো. মাহবুবুল আলম বলেন, উপজেলা হাসপাতালগুলোর গুরুতর রোগের সেবা দেওয়ার সক্ষমতা না থাকায় জেলা হাসপাতালের ওপর ভরসা করতে হয় বেশিরভাগ মানুষের। জেলা হাসপাতালে আইসিউ চালু হওয়ায় সবাই আরও বেশি সেবা পাবে। তবে সবাইকে আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার অনুরোধ করেন এই কর্মকর্তা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আইসিউ‘র জন্য ২৪ ঘণ্টা প্যাথলজি ও পরীক্ষা-নিরিক্ষার সুবিধা থাকতে হয়। আমাদের সেই জনবল নেই। আবার আর্থিক সংকটও রয়েছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি রোগীদের সেবা দেওয়ার। ডায়ালাইসিস বিষয়ক যন্ত্রপাতি, সিটিস্কান মেশিনসহ যেসব সংকট রয়েছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত আমরা পূর্ণাঙ্গ সেবা দিতে পারব।

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত বলেন, সংসদের প্রথম অধিবেশনে আমি হাসপাতালের কথা উত্থাপন করেছিলাম। জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট চালু হওয়ায় বাগেরহাট সহ আশপাশের এলাকার গুরুতর রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে নতুন দিগন্তের সূচনা হলো। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেবা চালুর ফলে রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে হবে না। 

শেখ শামীম হাসান/আরকে

বিজ্ঞাপন