বিজ্ঞাপন

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

পাবনার আতাইকুলায়স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আতাইকুলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গতকাল সারারাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার (১৪ জুন) অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

এসএইচএ

বিজ্ঞাপন