জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা। দীর্ঘ সময় শূন্যরেখায় থাকার পর ওই বৃদ্ধকে রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে ওই বৃদ্ধকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে বিএসএফ সদস্যরা ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর মেইন পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকা দিয়ে দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে স্থানীয় গ্রামবাসী বাধা দেন এবং বিজিবিকে অবহিত করেন। পরে গ্রামবাসীর সহায়তায় বিজিবি সদস্যরা বৃদ্ধকে পুশব্যাক করে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে পাঠিয়ে দেন। এরপর দিনভর বিএসএফ বাংলাদেশে পুশইনের জন্য ওই বৃদ্ধকে সীমান্তের একটি ডোবায় বসিয়ে রাখে। কিন্তু গ্রামবাসী ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে তাদের সে প্রচেষ্টা সফল হয়নি। সন্ধ্যার পর সীমান্তের লাইট বন্ধ করে বিএসএফ পুনরায় পুশইনের চেষ্টা চালায়। তবে, বিজিবি ও গ্রামবাসীদের কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত রাত ৯টার দিকে বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে গাড়িতে করে নিয়ে যায়।
হাটখোলা গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, বিএসএফ সারাদিন চেষ্টা করেও বৃদ্ধকে আর পুশইন করতে পারেনি। সন্ধ্যার পর সীমান্তের লাইট বন্ধ করে আবারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু গ্রামবাসী ও বিজিবির সদস্যদের শক্ত অবস্থানের কারণে তারা সফল হয়নি। রাত ৯টার পর বিএসএফ বৃদ্ধকে গাড়িতে করে নিয়ে গেছে।
এ বিষয়ে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের হাটখোলা বিওপি কমান্ডার আনিছুর রহমান বলেন, বিএসএফ একজন বৃদ্ধকে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু আমরা তা প্রতিহত করেছি। পরবর্তীতে রাতে তারা ওই বৃদ্ধকে নিয়ে গেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা রুখতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।
চম্পক কুমার/এসএইচএ
