ময়মনসিংহ নগরে সিটি করপোরেশনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে নগরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে একটি চক্র অবৈধভাবে অন্তত শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল। এছাড়া মাসকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। দুপুর সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অভিযানে খননযন্ত্র ব্যবহার করে কংক্রিটের অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. রুকুনোজ্জামান রোকন বলেন, বাসস্ট্যান্ডে বাস রাখার জায়গা না থাকলেও ভেতরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র নেই। তাই সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
সাখাওয়াত সুমন/এসএইচএ
