গুজব ও অপতথ্য ভয়াবহ আকার ধারণ করেছে জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে।
সোমবার (১৫ জুন) ময়মনসিংহের নান্দাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে গুজব ও অপতথ্য শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি রাষ্ট্রীয় পর্যায়েও প্রভাব ফেলছে। নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে অপতথ্যের শিকার হয়েছি। এখন রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। সমাজে নানান বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং ভুল তথ্যের বিস্তার রোধ করা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকদের আরও কার্যকর করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আধুনিক সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেস ক্লাব নান্দাইল সভাপতি হান্নান মাহমুদ। তারা স্থানীয় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে নান্দাইল উপজেলার মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া রিপোর্টিং, ফ্যাক্ট-চেকিং কৌশল এবং এআই ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
সাখাওয়াত সুমন/এসএইচএ
