বিজ্ঞাপন

সাড়ে ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সাড়ে ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।

পরে রাত সাড়ে ৯টার দিকে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি গৌরীপুর স্টেশনে নেওয়া হয়। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে ধোঁয়া বের হতে শুরু করে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি গৌরীপুর স্টেশনে নেওয়া হলে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।

এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। পরে আড়াইটার দিকে হুক লাগিয়ে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

সাখাওয়াত সুমন/এসএইচএ