বিজ্ঞাপন

গোমস্তাপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা

গোমস্তাপুর সীমান্ত দিয়ে আবারও পুশ-ইনের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে আবারও ৫-৬ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিএসএফের সেই চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); পাশাপাশি সহায়তা করেছে স্থানীয়রাও। 

রোববার (১৫ জুন) দুপুর ১২টা এবং রাত সাড়ে ১০টার দিকে দুই দফায় রোকনপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে এই পুশ-ইনের চেষ্টা করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্তবর্তী এলাকা দিয়ে রোববার দুপুর ১২টা এবং রাত সাড়ে ১০টার দিকে ৫ থেকে ৬ জন নারী ও শিশুকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়দেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করে বিজিবি। 

এই কর্মকর্তা আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সম্পূর্ণ বদ্ধপরিকর। 

এছাড়া আমাদের সাথে স্থানীয় জনগণ সব সময় আছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে আরও বেশি সম্পৃক্ত করে তাদের (বিএসএফ) এই পুশ ইন কার্যক্রম প্রতিহত করা হচ্ছে- বলেন এই বিজিবি কর্মকর্তা।

মো. আশিক আলী/ডিএ

বিজ্ঞাপন