বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক যাত্রীর ডান কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি শাহ ফতেহ আলী পরিবহনের বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ ফতেহ আলী বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঘোগা ব্রিজ এলাকার ইউটার্নে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল বলেন, দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। তবে আহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
আব্দুল মোমিন/আরকে
