বিজ্ঞাপন

নাটোরে বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরে বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে আসা দুই বিদেশি নাগরিককে হেনস্তা, অশ্লীল মন্তব্য ও অর্থ দাবির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আকাশকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে লালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ রাজশাহীর বোয়ালিয়া থানার সিরোইল কলোনি এলাকার মো. সেলিমের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে কথিত টিকটকার মোহাম্মদ সাধু নামের এক ব্যক্তি ‘টিকটক বন্ধু মিলন মেলা’ আয়োজনের জন্য গ্রিন ভ্যালি পার্কের একটি অংশ ভাড়া নেন। দুপুরের দিকে অনুষ্ঠানে আগত ১০-১৫ জন টিকটকার পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুজন বিদেশি নাগরিকের পথরোধ করে। এ সময় তারা ওই বিদেশিদের উদ্দেশে বিভিন্ন ধরনের অশ্লীল মন্তব্য করেন। তারা মোবাইলে এ ঘটনার ভিডিও ধারণ করেন এবং বিদেশি নাগরিকের কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি জানতে পেরে পার্ক কর্তৃপক্ষ এসে পরিস্থিতি সামাল দেয়।

এর পর দিন (৯ মে) হেনস্তার একটি ভিডিও ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রীন ভ্যালি পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে সেদিন লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপর ছিল। প্রধান আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিকেলে আদালতে সোপর্দ করা হবে।

আশিকুর রহমান/এএমকে