বিজ্ঞাপন

দুবাই ফেরত স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

দুবাই ফেরত স্বামীকে বিদায় দিতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর

দুই মাস আগে বাড়ি ফিরেছিলেন দুবাই প্রবাসী স্বামী লিটন। তাকে বিদায় জানাতে বিমানবন্দরের দিকে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন স্ত্রী মমতাজ বেগমসহ আরও ১০ জন। পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনি নিহত হন। আহত হন আরও ১০ জন।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মমতাজ বেগম মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া গ্রামের বাসিন্দা লিটনের স্ত্রী। 

এ ঘটনায় আহতরা হলেন- মমতাজের স্বামী লিটন (৪০) ফারজানা (১৭), ফাতেমা (১০), তুহাদ (১২), অহনা (১৫),  আলেয়া, ফরিদা, রাজিয়া, ঊষা ও ড্রাইভার হাসান (২৫)। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে বিদায় জানাতে স্বামী লিটনসহ মমতাজ বেগম এবং আরও ১০ জন মাইক্রোবাসে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে তাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আহত হন লিটনের স্ত্রী মমতাজ বেগমসহ আরও ১০ জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বজ্রযোগিনী ইউনিয়ন ইউপি সদস্য আনোয়ার হোসেন ইমরান বলেন, আহতদের মধ্যে লিটনের দুই মেয়ে এক ছেলে ভাতিজা, ভাতিজি, মা ও অন্যান্য স্বজনরা রয়েছে। এর মধ্যে লিটনের মা আলেয়া বেগম ও ভাইয়ের স্ত্রী ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে মুন্সীগঞ্জ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রাকালে সিরাজদিখান উপজেলার কুসুমপুর বউবাজার এলাকায় একটি নোয়া মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনায় মমতাজ বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত হন এবং ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ব. ম শামীম/এসএইচএ