রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটির ট্যাক্সটোকেন, ফিটনেস ও রুট পারমিটের মেয়াদোত্তীর্ণ ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান।
রাজবাড়ী বিআরটিএ কার্যালয় সূত্রে জানা গেছে, এসবি সুপার ডিলাক্সের ব্যানারে পরিচালিত ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৪৯ নং বাসটি গত ৫ জুন তারিখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ফেরিঘাটের পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় ফেরি কবরীর ওপর দিয়ে র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসচালক আহত হন। পরবর্তীতে রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। বিআরটিএ আইএস থেকে প্রদত্ত তথ্যমতে বাসটির ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট সনদ মেয়াদোত্তীর্ণ ছিল।
তাই সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ১২ এবং ২৪ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর ১৯ এবং ৪৬ বিধি অনুযায়ী ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৪৯নং বাসটির রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করার সুপারিশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনায় পতিত বাসটির কাগজপত্র যাচাই করে দেখা গেছে, ট্যাক্সটোকেন, ফিটনেস সনদ এবং রুট পারমিটের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তা সত্ত্বেও বাসটি যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান বলেন, দৌলতদিয়ায় ফেরির র্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটির ট্যাক্সটোকেন, ফিটনেস ও রুট পারমিট সনদ ছিল মেয়াদোত্তীর্ণ। তাই বাসের রেজিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাসের রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল ও চালকের ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটিএ কুষ্টিয়া সার্কেলকে চিঠি দেওয়া হয়েছে।
দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসডুবির দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
এ ঘটনায় পরিবহন খাতে নিয়মিত তদারকি ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল। তারা বলছে, সড়ক ও নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা জরুরি।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে
