বিজ্ঞাপন

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ফেরির র‍্যাম ভেঙে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনের বাসডুবির ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, দুর্ঘটনার পেছনে বাসের যান্ত্রিক ত্রুটি, বাসের ফিটনেস না থাকাসহ বেশ কিছু কারণ ছিল বলে উল্লেখ রয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, গত ১১ জুন জেলা প্রশাসক আফরোজা পারভীনের কাছে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি।

আমরা প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্যসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। তদন্ত সঠিকভাবে করার স্বার্থে আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছি।

তদন্তে বাসের যান্ত্রিক ত্রুটি, বাসের ফিটনেস না থাকাসহ বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। এ ছাড়া, ফেরিঘাটের আধুনিকায়ন, অ্যাপ্রোচ সড়কের উন্নয়ন, ঘাট ব্যবস্থাপানার আধুনিকায়ন, এআই প্রযুক্তি নির্ভর ঘাট ব্যবস্থাপনাসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা দুর্ঘটনার কারণ ও আগামীতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করেছি। এর বেশি কিছু বলতে চাননি তদন্ত কমিটির প্রধান।

এ বিষয়ে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, তদন্ত প্রতিবেদনটি হাতে পেয়েছি। তদন্ত কমিটির দল প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছেন। প্রতিবেদনটি আমরা নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করবো। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ৫ জুন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ফেরিঘাটের পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় ফেরি কবরীর ওপর দিয়ে র‍্যাম ভেঙ্গে এসবি সুপার ডিলাক্সের ব্যানারে পরিচালিত একটি বাস নদীতে পড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার তদন্ত অনুসন্ধানে ওইদিন জেলা প্রশাসক আফরোজা পারভীন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। এ ছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে, গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় ডুবে যায়। এ ঘটনায ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে