বিজ্ঞাপন

পুকুরে গোসলে নামে তিনজন, তর্কের জেরে একজনকে পানিতে চুবিয়ে হত্যা

পুকুরে গোসলে নামে তিনজন, তর্কের জেরে একজনকে পানিতে চুবিয়ে হত্যা

গাইবান্ধার সদর উপজেলায় একসঙ্গে তিন কিশোর পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোর পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের হাওয়াই দিঘির মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

১৫ বছর বয়সী নিহত কিশোরের নাম রাহাত। সে হরিণসিংহা গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৫টার দিকে উত্তর হরিণ সিংহা গ্রামের বিশাল আকারের হাওয়াই দিঘিতি গোসল করতে নামে সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫) নামের স্থানীয় তিন কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। এক পর্যায়ে সাকিব ও রিফাত দুইজনে মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে করে রাহাতের মৃত্যু হয়। পরে অভিযুক্ত দুই কিশোর পালিয়ে যায় এবং স্থানীয়রা জীবিত ভেবে রাহাতকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

খবরে পেয়ে পুলিশ নিহত কিশোরের বাড়িতে যায়। পরিবার তাদের সন্তানকে পানিতে চুবিয়ে মেরে ফেলা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করে।

অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে থাকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, মরদের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতারে মর্গে নেওয়া হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মাসুম বিল্লাহ/এসএইচএ