বিজ্ঞাপন

লাল তিলকে কালো বানিয়ে প্রতারণা, দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

লাল তিলকে কালো বানিয়ে প্রতারণা, দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে ভেজাল ও প্রতারণামূলক উপায়ে কৃত্রিম রং মিশিয়ে লাল তিলকে কালো তিল হিসেবে বাজারজাত করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার ও বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সমন্বিত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে নের্তৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক ও মো. আশিকুজ্জামান।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার ও বহরপুর ইউনিয়নের বহরপর বাজারে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযুক্ত দুই ব্যবসায়ীর বাসায় কালো রং মিশিয়ে লাল তিলকে কালো তিল করার সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করে নেয়।

রং মিশ্রিত করে ভেজাল তিল তৈরি (লাল তিল থেকে কালো তিল করা) নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় আব্দুল হাই বিশ্বাসকে (৫৫) তিন লাখ টাকা  ও শহিদুল বিশ্বাসকে (৬২) তিন লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযুক্ত ব্যক্তিদ্বয়কে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। অভিযান শেষে ২২ বস্তা কালো রং মিশ্রিত ভেজাল তিল ও কৌটার রং জব্দ ও বিনষ্ট করা হয়।

অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক, ডা. মো. আশিকুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান, উপজেলা খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামানসহ জেলা পুলিশের টিম।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক বলেন, লাল তিলে কৃত্রিম রং মিশিয়ে কালো তিল তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসন, রাজবাড়ীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ