বিজ্ঞাপন

আদালতের বারান্দায় বাদীকে মারধর, ৫ আসামির কারা‌দণ্ড

আদালতের বারান্দায় বাদীকে মারধর, ৫ আসামির কারা‌দণ্ড

যশোর আদালত ভবনের বারান্দায় একটি মামলার বাদীকে মারধরের ঘটনায় একই মামলার পাঁচ আসামিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিন নারীসহ চারজনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক এমদাদুল হক।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আব্দুল ওহাব, হাবিবুল্লাহ, আব্দুর রাজ্জাক, আলম মোল্যা ও আজিজ মোল্যা। জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মশিউর রহমান, বেগম, নুর জাহান ও তাহুরন নেছা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বছরের ৯ সেপ্টেম্বর মতিয়ার রহমান ১৩ জনকে আসামি করে আদালতে মামলা করেন। তদন্ত শেষে পিবিআই ২০২৫ সালের ১৩ জানুয়ারি ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। এ সময় বাদী মতিয়ার রহমান ও মামলার আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের শুনানি চলাকালে আদালত ভবনের তৃতীয় তলার সিঁড়ির সামনে আসামিরা মতিয়ার রহমানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি বিচারকের কাছে বিষয়টি জানালে উপস্থিত লোকজন নয়জনকে আটক করে আদালতের কাছে সোপর্দ করেন।

বিচারক তাৎক্ষণিকভাবে কোর্ট পুলিশ পরিদর্শককে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তদন্ত শেষে সাক্ষীদের বক্তব্য ও প্রতিবেদন পর্যালোচনা করে আদালত পাঁচজনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তিন নারীসহ চারজনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় মশিউর রহমান ও তিন নারীকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

রেজওয়ান বাপ্পী/এসএইচএ

বিজ্ঞাপন