বিজ্ঞাপন

নাটোরে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

নাটোরে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

নাটোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে কারাদণ্ডপ্রাপ্ত জালালকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুরের লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে ওই শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী অভিযুক্ত জালাল কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে নাটোরে রুজু হয় এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এর বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুন্সি আবুল কালাম আজাদ বলেন, আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি জালালকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শাহিনুল আশিক/এএমকে