বিজ্ঞাপন

হাওরাঞ্চলে বেড়েছে নৌডাকাতি

সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে যাত্রীবাহী নৌকা

সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে যাত্রীবাহী নৌকা

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নৌ-ডাকাতির ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর যাত্রীবাহী নৌকা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

সম্প্রতি মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পর্যটন ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভাপতি এসএম আব্দুল্লাহ-বিন-শফিক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার পর মিঠামইন ঘাট থেকে কোনো যাত্রীবাহী নৌকা ছেড়ে যেতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এ আদেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির ওপরে ছিলা মিঠামইন থেকে করিমগঞ্জের বালিখলা ও চামড়া বন্দরগামী নৌপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ।

জানা গেছে, গত ৭ জুন রাতে জেলার মিঠামইন ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকায় একটি পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৪০ জন পর্যটক হাওর ভ্রমণ শেষে রাতে মিঠামইন থেকে বালিখোলা ঘাটের উদ্দেশে রওনা দেন। ট্রলারটি হাসানপুর ব্রিজ এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত ট্রলারে উঠে যাত্রীদের জিম্মি করে। পরে তারা যাত্রীদের মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

এ বিষয়ে ইসমাইল হোসেন নামে এক যুবক বলেন, এই বর্ষাকালে রাত ১০টায় যদি আমার বৃদ্ধ বাবা অসুস্থ হন বা আমার বোনের প্রসববেদনা শুরু হয়, তাহলে তাদের চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাব? কাজেই আমরা চাই হাওরে পুলিশের টহল বৃদ্ধি করে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করা হোক।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় বাসিন্দা এবং নৌকার মাঝিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ব্যবস্থা আগেও ছিল। সন্ধ্যা ৬টায় শেষ ট্রিপ পরিচালিত হবে।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, সন্ধ্যার পর হাওরের নৌপথ নিরাপদ থাকে না। হাওর একটি বিশাল এলাকা। মাঝেমধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। সম্প্রতি ডাকাতির ঘটনাও ঘটেছে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএমকে

বিজ্ঞাপন