বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট থেকে সংসদে হাজির এমপি এমরান-কয়সর

প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট থেকে সংসদে হাজির এমপি এমরান-কয়সর

সিলেট সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত সংসদ সদস্যদের (এমপি) সংসদে ফিরে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনার পরপরই জাতীয় সংসদে উপস্থিত হয়ে অধিবেশনে যোগ দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়সর আহমেদ।

বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে যোগ দিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানাতে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ অঞ্চলের কয়েকজন সংসদ সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওসমানী বিমানবন্দরের লাউঞ্জে স্বাগত পর্বে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সংসদ নাই আজকে? আপনারা সংসদে যান। আমি মৌলভীবাজার যাচ্ছি, এখানে আপনাদের কোনো কাজ নেই। জনগণের প্রতিনিধিত্ব করার জায়গা সংসদ সেখানে উপস্থিত থাকাই আপনাদের প্রধান দায়িত্ব।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরপরই এমরান আহমদ চৌধুরী এমপি ও কয়সর আহমেদ এমপি ঢাকার উদ্দেশে রওনা দেন এবং পরে জাতীয় সংসদে উপস্থিত হয়ে অধিবেশনে যোগ দেন।

সংসদে উপস্থিত হয়ে এমপি এমরান আহমদ চৌধুরী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে  এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছন এটা থেকেই প্রতীয়মান হয়  যে তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন। এটাই আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়সর আহমেদও প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সংসদে উপস্থিত হয়ে অধিবেশনে যোগ দেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে বুধবার রাতে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদকে রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দেন। সিলেট সফরের সময় বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত থাকার পরপরই তিনি আমাদের সংসদে ফিরে গিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আমি ও সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়সর আহমেদ প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাকে গভীরভাবে সম্মান জানিয়ে কোনো বিলম্ব না করে ঢাকায় ফিরে জাতীয় সংসদে উপস্থিত হই এবং অধিবেশনের কার্যক্রমে অংশ নিই। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জনগণের পক্ষে সংসদে উপস্থিত থাকা, আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করা এবং রাষ্ট্র পরিচালনার কাজে ভূমিকা রাখা। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে আমাদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, সংসদ যত বেশি সক্রিয় ও শক্তিশালী হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তত বেশি শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশাও তত ভালোভাবে পূরণ করা সম্ভব হবে।

মাসুদ আহমদ রনি/আরএআর