বিজ্ঞাপন

কিশোরী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অটোচালকসহ গ্রেপ্তার ২

কিশোরী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অটোচালকসহ গ্রেপ্তার ২

কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন। বুধবার (১৭ জুন) দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নাঙ্গলকোটের অষ্টগ্রাম এলাকার জয়নালের ছেলে অটোরিকশাচালক রিয়াজ মোল্লা (২৬) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ (২৬)।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর পরিবার ফেনীতে একটি ভাড়া বাসায় থাকলেও তারা নাঙ্গলকোটের বাসিন্দা। গত সোমবার কিশোরী নাঙ্গলকোটের বক্সগঞ্জ এলাকায় খালার বাড়ি বেড়াতে আসে। বেড়ানো শেষে বিকেল ৩টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ফেনীর উদ্দেশে রওনা হয়। নাঙ্গলকোটের পদুয়া এলাকায় পৌঁছালে প্রথম অটোরিকশাচালক গাড়ি নষ্ট হয়ে গেছে বলে তাকে রিয়াজ মোল্লার অটোরিকশায় তুলে দেন। কিছুদূর যাওয়ার পর রিয়াজ তার বন্ধু ফয়েজকেও অটোরিকশায় তোলেন। ফেনীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে তারা কিশোরীকে নোয়াখালীর কানকিরহাটসহ বিভিন্ন এলাকায় ঘুরাতে থাকেন। রাত ৮টার দিকে বক্সগঞ্জ এলাকার তেতৈয়া গ্রামের একটি টিনশেড বাড়িতে নিয়ে যান তারা। সেখানে আকরাম নামের আরও একজন তাদের সঙ্গে যোগ দেন। পরে তিনজন মিলে কিশোরীকে পালাক্রমে রাতভর ধর্ষণ করেন বলে অভিযোগ।

পরদিন মঙ্গলবার (১৬ জুন) সকালে স্থানীয়দের সহযোগিতায় কিশোরী ফেনীর বাসায় ফিরে যায়। পরে মাকে বিস্তারিত জানালে তিনি মেয়েকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশও ঘটনাস্থলে যায়। বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। অভিযান চালিয়ে রিয়াজ ও ফয়েজকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরিফুর রহমান বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে। ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে। 

আরিফ আজগর/আরএআর