বিজ্ঞাপন

মসজিদের মাইক কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

মসজিদের মাইক কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের

রাজশাহীতে মসজিদের মাইক কিনতে গিয়ে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার ধোপাপাড়া এলাকার আবদুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক (৫০)। তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই। 

আহতরা হলেন- হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। আর বানেশ্বর এলাকায় ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে বানেশ্বরে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও পরে আরেকজনের মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রাহমান জানান, ট্রাকটি আটক করা গেলেও ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়েছেন। এ বিষয়ে আগামীকাল মামলা হবে।

শাহিনুল আশিক/আরএআর