কুমিল্লার তিতাসে পারিবারিক বিরোধ থানায় লিখিত অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে থানা ফটকের সামনেই প্রতিপক্ষের ওপর হামলা করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে তিতাস থানার মূল ফটকে এ হামলার ঘটনা ঘটে। যার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
পুলিশ জানায়, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের শাহ আলম ও কামাল দুই সহোদর। দীর্ঘদিন ধরে রান্নাঘরের জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মাঝে বুধবার সকালে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় কয়েকজন আহত হন। ওই ঘটনায় দুই পক্ষই অভিযোগ দিতে থানায় যায়। দুপুরে শাহ আলমের পরিবার থানায় অভিযোগ দিয়ে থানার সামনে অপেক্ষা করছিল। এ সময় কামালের পক্ষের লোকজন এসে শাহ আলমের পক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ ছুটে এসে কামালের পক্ষের তিনজনকে আটক করে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জড়িতদের আটক করে নিয়ে থানায় নিয়ে যাচ্ছেন।
তিতাস থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক ঢাকা পোস্টকে বলেন, আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মারামারি হয়। এ ঘটনায় দুই পক্ষই অভিযোগ দিতে থানায় আসে। অভিযোগের লেখা নিয়ে থানার সামনেই এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। আমরা তিনজনকে আটক করেছি। ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরিফ আজগর/এএমকে
