জাতীয় সংসদের অধিবেশনে নিজেকে মুক্তিযুদ্ধে শহিদের সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনি হলফনামা অনুযায়ী তার জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের সময় আব্দুল মুনতাকিমের বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে নানা সমালোচনা।
গত রোববার (১৪ জুন) সংসদ সদস্য আব্দুল মুনতাকিম সংসদে বাজেট অধিবেশন চলাকালে নিজের বক্তব্যে মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান ছিল দাবি করে বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহিদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম এখনো জীবিত রয়েছেন। সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ১৯৮১ সালের ১০ জানুয়ারি নীলফামারীর সৈয়দপুর শহরের রেলবাজার এলাকায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বাবা মায়ের সঙ্গে বসবাস করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি সৈয়দপুর আল ফারুক একাডেমিতে শিক্ষকতা করতেন। ছোটোবেলায় তিনি হাফেজ হয়েছেন। পরে সাধারণ শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এই প্রতিষ্ঠানের একজন সহকারী শিক্ষক। তার মা-বাবা বেঁচে আছেন। সংসদে দেওয়া বক্তব্যটি স্লিপ অব টাং। তিনি শিগগিরই নির্বাচনী এলাকায় ফিরে সাংবাদিকদের সামনে সঠিক তথ্য তুলে ধরবেন।
এবিষয়ে নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ঢাকা পোস্টকে বলেন, এটি আসলে অনিচ্ছাকৃতভাবে চলে এসেছে, আমার বাবা যুদ্ধে শহিদ না। এটি কথার ফাঁকে চলে এসেছে অনিচ্ছাকৃত ভুলবশত হয়ে গেছে।
শাহজাহান ইসলাম লেলিন/এমটিআই
