মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অভিযান চালিয়ে কথিত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মমতাজ বেগম ওরফে মম ও তার স্বামী এবং ছেলেসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০ টায় উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর কুঠিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে মমতাজ বেগম ওরফে মম তার স্বামী শামসুল আলম খোকন এবং ছেলে রাহিম মিয়া মানিককে মাদকসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৪০ টাকা জব্দ করা হয়। তবে মমতাজ বেগমের অপর ছেলে পালিয়ে যায়। আটকের খবর ছড়িয়ে পড়লে, দুপুর ১২ টার দিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মমতাজ বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ঘিওর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, অভিযান চালিয়ে মাদকসহ একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
সাইফুল ইসলাম/এমটিআই
