বিজ্ঞাপন

কাপ্তাই লেকের ভাঙনে বসতঘর হারিয়ে নিঃস্ব সমির আলী

কাপ্তাই লেকের ভাঙনে বসতঘর হারিয়ে নিঃস্ব সমির আলী

‎রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ি এলাকায় কাপ্তাই লেকের ভাঙনে একটি বসতঘর ধসে পড়েছে। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন সমির আলী নামে এক বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও কাপ্তাই লেকের পানির প্রবল স্রোতের কারণে এলাকায় ভাঙন দেখা দেয়। একপর্যায়ে বুধবার (১৭ জুন) সকালে লেকের পাড়ে থাকা সমির আলীর বসতঘরের নিচের মাটি সরে যায়। পরে মুহূর্তের মধ্যেই ঘরটি ধসে কাপ্তাই লেকের পানিতে ভেসে যায়।

আকস্মিক এ ঘটনায় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি পরিবারের সদস্যরা। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।

‎ক্ষতিগ্রস্ত সমির আলী বলেন, আমার ঘরটি ভেঙে পানির স্রোতে ভেসে যাওয়ার ফলে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন আমি দিশেহারা।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে কাপ্তাই লেকের পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় এলাকায় ভাঙনের ঝুঁকি বেড়েছে। দ্রুত প্রযোজনীয় ব্যবস্থা না নিলে আরও কয়েকটি বসতঘর হুমকির মুখে পড়তে পারে।

‎এদিকে ঘর হারানো সমির আলীর পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন এবং জরুরি সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

‎মোস্তফা কামাল রাজু/এসএইচএ